চীনা রোবটকে নিজস্ব উদ্ভাবন দাবি, এআই এক্সপো থেকে গালগোটিয়াস ইউনিভার্সিটির বুথ সরানোর নির্দেশ
ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে অবস্থিত Galgotias University একটি চীন থেকে আমদানি করা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে উপস্থাপন করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সরকার ‘ইন্ডিয়া এআই এক্সপো’ থেকে বিশ্ববিদ্যালয়টির বুথ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ভারত মণ্ডপমে চলমান প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেয় গালগোটিয়াস ইউনিভার্সিটি। এক্সপোর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি চারপেয়ে রোবটকে তাদের নিজস্ব উদ্ভাবন হিসেবে তুলে ধরেন। রোবটটির নাম দেওয়া হয় ‘অরিয়ন’ এবং দাবি করা হয়, এটি বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ তৈরি। এমনকি সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল থেকেও রোবটটির একটি ভিডিও শেয়ার করা হয়েছিল।
তবে ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রোবটটির প্রকৃত পরিচয় শনাক্ত করেন। তারা জানান, এটি আসলে চীনা রোবোটিকস কোম্পানি Unitree Robotics–এর তৈরি ‘Unitree Go2’ মডেলের রোবট, যা বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যায়। রোবটটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৬০০ মার্কিন ডলার। অনেকে লক্ষ্য করেন, রোবটটির গায়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং পর্যন্ত স্পষ্ট ছিল।
বিশ্ববিদ্যালয়টি এর আগে দাবি করেছিল, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ৩৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। কিন্তু বিদেশি একটি বাণিজ্যিক পণ্যকে দেশীয় উদ্ভাবন হিসেবে উপস্থাপনের অভিযোগ ওঠায় প্রযুক্তিমহলে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার মুখে পড়ে গালগোটিয়াস ইউনিভার্সিটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ এক বিবৃতিতে আগের অবস্থান থেকে সরে আসে। সেখানে বলা হয়, তারা রোবটটি তৈরি করেনি এবং এমন দাবি করারও উদ্দেশ্য ছিল না। বরং শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে। রোবটটি শেখার অংশ হিসেবেই কেনা হয়েছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে আন্তর্জাতিক মানের একটি সরকারি প্রদর্শনীতে বিদেশে তৈরি পণ্যকে দেশীয় উদ্ভাবন হিসেবে তুলে ধরার অভিযোগ ভারতের প্রযুক্তি অঙ্গনে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গালগোটিয়াস ইউনিভার্সিটিকে অবিলম্বে এআই সামিট এক্সপো ত্যাগ করতে বলা হয়েছে। বিতর্কের জেরে প্রদর্শনীর মাঝপথেই তাদের অংশগ্রহণ কার্যত বন্ধ হয়ে যায়।
আপনার বিজ্ঞাপন এখানে