72°F বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু যাত্রী নিখোঁজ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩০
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু যাত্রী নিখোঁজ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পাঁচ থেকে সাতজন যাত্রী কোনোভাবে সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অধিকাংশ যাত্রীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন, ঘাট থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

এ ঘটনায় এখনো হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের আশঙ্কা, এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।