70°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ইশরাকের লড়াই ঘোষণা, প্রতিদ্বন্দ্বিতায় আসিফ মাহমুদ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৩ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৮
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ইশরাকের লড়াই ঘোষণা, প্রতিদ্বন্দ্বিতায় আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ইশরাকের লড়াই ঘোষণা, প্রতিদ্বন্দ্বিতায় আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”

ইশরাক হোসেন বর্তমানে সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

অন্যদিকে, একই পদে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে জানা যায়, এনসিপির পক্ষ থেকে তাকেই মেয়র প্রার্থী করা হচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে না। বিভিন্ন আইনি প্রক্রিয়া ও মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত বিষয় সমন্বয় করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে। সরকার এ নির্বাচনকে অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের এক প্রজ্ঞাপনে ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদকে মন্ত্রীর পদমর্যাদার সমান ঘোষণা করা হয়। সেই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদটি এবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।