80°F শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ড. মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশের চিঠি: মুখ খুলল মন্ত্রণালয়

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১০৫
ড. মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশের চিঠি: মুখ খুলল মন্ত্রণালয়

 

সাবহেডলাইন

বিরোধীদলীয় নেতার প্যাডে লেখা চিঠি ইলেকট্রনিক ও সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছানোর দাবি; অনুমতি পেলে পুরো চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশসংবলিত একটি চিঠি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি ড. মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।

বিবৃতিতে বলা হয়, চিঠিটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার প্যাডে লেখা ছিল। সেখানে ড. মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

চিঠিতে বিরোধীদলীয় নেতা স্বাক্ষর করে ড. মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন বলেও জানায় মন্ত্রণালয়। পাশাপাশি দেশের পররাষ্ট্রনীতিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে তাকে ওই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চিঠির নিচে শুধুমাত্র বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে।

এছাড়া বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে একটি পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে জানানো হয় যে চিঠি সম্পর্কে দলের আমির অবগত ছিলেন না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনো ফোনালাপ হয়নি।