76°F রবিবার, ২৯ মার্চ ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বস্টনে ‘ইয়ুথ জবস অ্যান্ড রিসোর্স ফেয়ার’, অংশ নেবে ২০০-এর বেশি প্রতিষ্ঠান

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৮
বস্টনে ‘ইয়ুথ জবস অ্যান্ড রিসোর্স ফেয়ার’, অংশ নেবে ২০০-এর বেশি প্রতিষ্ঠান

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বস্টন সিটি আয়োজন করতে যাচ্ছে বৃহৎ ‘Youth Jobs and Resource Fair’। আগামী ১৮ এপ্রিল (শনিবার) Reggie Lewis Track and Athletic Center-এ এ আয়োজন অনুষ্ঠিত হবে।

১৪ থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য উন্মুক্ত এই মেলায় ২০০-র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারীরা সরাসরি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ সেশন, শিক্ষামূলক কার্যক্রম, বিনোদন আয়োজন, ফুড ট্রাক, র‍্যাফেল ও বিভিন্ন উপহার।

আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় এবার নতুনভাবে ‘timed entry-wave model’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সময় নির্বাচন করে আগাম নিবন্ধন করতে পারবেন, যা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি সবার জন্য আরও কার্যকর অভিজ্ঞতা নিশ্চিত করবে।

মেলায় অংশ নেওয়ার জন্য দুটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে—
‘Future is Bright Fair’ সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং ‘Making Money Moves Fair’ দুপুর ২টা থেকে বিকাল ৫টা।

আয়োজকদের মতে, এই আয়োজন তরুণদের জন্য বাস্তবমুখী কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের একটি বড় সুযোগ। বিশেষ করে গ্রীষ্মকালীন চাকরি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।