68°F মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বহর বাড়ানোর পরিকল্পনা, পাঁচ বছরে বছরে ৩ হাজার পর্যন্ত কর্মী নেবে ইতিহাদ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪২
বহর বাড়ানোর পরিকল্পনা, পাঁচ বছরে বছরে ৩ হাজার পর্যন্ত কর্মী নেবে ইতিহাদ

বহর বাড়ানোর পরিকল্পনা, পাঁচ বছরে বছরে ৩ হাজার পর্যন্ত কর্মী নেবে ইতিহাদ

আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আগামী পাঁচ বছরে ধারাবাহিকভাবে জনবল বাড়ানোর ঘোষণা দিয়েছে। বহর সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি। বিষয়টি জানিয়েছে গালফ নিউজ।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনোয়াল্ডো নেভেস বলেন, আগামী বছরগুলোতে প্রতি বছর প্রায় ২০টি করে নতুন বিমান যুক্ত করা হবে এবং একই হারে জনবল নিয়োগ অব্যাহত থাকবে। অন্তত পাঁচ বছর এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালে ইতিহাদ ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে। বছরের মধ্যে ৩,২০০-এর বেশি নতুন কর্মী যুক্ত হয়েছে এবং প্রায় ২,২০০ জন পদোন্নতি পেয়েছেন। বিশেষ করে ফ্রন্টলাইন খাতে অগ্রাধিকার দেওয়া হয়। বছরে প্রায় ১,৬০০ কেবিন ক্রু ও ৪০০ পাইলট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে প্রায় ১,৫০০ কেবিন ক্রু ও ১৫০ পাইলটকে উচ্চতর পদে উন্নীত করা হয়েছে।

বর্তমানে ইতিহাদের কর্মীবাহিনীতে ১৫২টি দেশের নাগরিক কাজ করছেন। সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ক্যাডেট পাইলট কর্মসূচি ও নেতৃত্ব বিকাশ উদ্যোগও চালু রয়েছে।

বহর সম্প্রসারণেও বড় অগ্রগতি হয়েছে। ২০২৫ সালে ২৯টি নতুন বিমান যুক্ত হওয়ায় মোট বহর বেড়ে দাঁড়িয়েছে ১২৭টিতে, যা এয়ারলাইনের ইতিহাসে সর্বোচ্চ। আগামী বছরগুলোতে গড়ে বছরে ২০টি করে বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মে ও নভেম্বরে ঘোষিত বড় বিমান ক্রয় চুক্তিগুলো ভবিষ্যৎ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংস্থাটি।

দীর্ঘমেয়াদি এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন খাতে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে চায় ইতিহাদ।