99°F শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বেইনের বর্ণাঢ্য আয়োজন: স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | নিউজটি দেখেছেন: ৯৯
বেইনের বর্ণাঢ্য আয়োজন: স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

বেইনের বর্ণাঢ্য আয়োজন: স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

বস্টন বাংলা ডেস্ক | ম্যাসাচুসেটস

গত ১১ এপ্রিল শনিবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরের McGlynn Middle School প্রাঙ্গণে Bangladesh Association of New England (BANE)-এর উদ্যোগে স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনকে কেন্দ্র করে ম্যাসাচুসেটসসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্যের শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালির হৃদয়ে বাংলাদেশ যে অমলিন—এই বিশাল জনসমাগম তারই প্রমাণ। অনুষ্ঠানের দিন সুবিশাল প্রাঙ্গণে তিল ধারণের স্থান ছিল না।

প্রবীণ, নবীন এবং যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি সন্তানেরা এদিন উৎসবের আনন্দে মেতে ওঠে। বৈশাখী সাজে সজ্জিত পরিবার, বন্ধুদের দল এবং তরুণ-তরুণীদের উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন।

মেলায় অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। তার বিখ্যাত বুটিক শপ ‘স্টার লাইন’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভেন্ডাররা স্টল নিয়ে অংশগ্রহণ করে মেলাকে জমজমাট করে তোলেন। পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবারের স্বাদ নিয়ে প্রবাসীরা যেন ফিরে পান স্বদেশের ছোঁয়া। দেশি ও বাহারি পোশাক এবং গয়নার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

মেলা প্রাঙ্গণে দল বেঁধে আড্ডা, ছবি তোলা এবং বৈশাখী ফটোসেশনের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এবং তাদের নেতৃবৃন্দও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম। কনস্যুলেট জেনারেল মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে কনস্যুলেটের দল দিনব্যাপী পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদান করে। এর ফলে প্রবাসীরা উৎসবের আনন্দের পাশাপাশি প্রয়োজনীয় সেবাও গ্রহণের সুযোগ পান।

পাশাপাশি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রবাসী শিল্পীদের পাশাপাশি দেশের খ্যাতিমান শিল্পীরাও পরিবেশনা করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বেইন সভাপতি মাহাবুবে খোদা খোকার নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি তাঁর এবং তাঁর কমিটির পক্ষ থেকে সকল উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বেইনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এতে সভাপতি মাহবুব-ই-খোদা (খোকা), সহ-সভাপতি সাজ্জাদুর রহমান (সাজু), সাধারণ সম্পাদক রাজিবুর রহমান (রাজীব), সহ-সাধারণ সম্পাদক আসিকুর রহমান আসিক এবং কোষাধ্যক্ষ মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন। একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তামান্না করিমও বক্তব্য রাখেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রোকেয়া জামান ও রিমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুল জেনারেল মোঃ মোজাম্মেল হক, যার উপস্থিতি আয়োজনে বিশেষ গুরুত্ব ও মর্যাদা যোগ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেইনের সাংস্কৃতিক সম্পাদিকা রেহানা পারভীন ইতি। তিনি নিজেই অনুষ্ঠানটির অন্যতম সঞ্চালকের দায়িত্ব পালন করেন, তার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে ছিলেন রশনি। অনুষ্ঠানের সূচনায় ধর্মীয় পরিবেশনার মধ্য দিয়ে এক সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক আবহ তৈরি হয়, যেখানে কোরআন তেলাওয়াত করেন রাকিব হোসেন, গীতা পাঠ করেন মেধা মজুমদার এবং ত্রিপিটক পাঠ করেন সুযানা শাসমিকা বড়ুয়া।

এরপর দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে অংশ নেন নিপা বড়ুয়া, প্রীতিলতা বৌদ্য, তুলিকা দেব, শিপ্রা শর্মা এবং অনুপম দেব। একের পর এক একক ও দলীয় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন—রুবাইনা, অরুনিমা, অর্পণ, প্রিয়শ্রী ব্যাপারী, শ্রেয়া মজুমদার, মেধা মজুমদার এবং অনিন্দিতা তাদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

বাদ্যযন্ত্র পরিবেশনায়ও ছিল সমান আকর্ষণ, যেখানে তবলায় জাহিদ মামুন, সাউন্ড ও সংগীতে বিদ্যুৎ রহমান, দোতারা ও গিটারে ধীমান মণ্ডল, ড্রামে মারুফ এবং হারমোনিয়ামে জুয়েল আলম তাঁদের দক্ষতার পরিচয় দেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ তারকা কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথি এবং জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ, যাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলে।

পহেলা বৈশাখ ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যাফেল ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা সকল বিজয়ীদের দ্রুত যোগাযোগ করে পুরস্কার গ্রহণের অনুরোধ জানিয়েছেন। র‍্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার হিসেবে 044408 নম্বর বিজয়ী পান একটি Apple iPad, দ্বিতীয় পুরস্কার 044389 নম্বর বিজয়ী পান একটি Dyson Fan, তৃতীয় পুরস্কার 044851 নম্বর বিজয়ী পান Ninja Blender and Food Processor, চতুর্থ পুরস্কার 044572 নম্বর বিজয়ী পান JBL Portable Speaker এবং পঞ্চম পুরস্কার 044734 নম্বর বিজয়ী পান আরেকটি JBL Portable Speaker।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্র-এর পুরস্কার স্পন্সর করে City Wide Realty Group, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগ করে। অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য সভাপতি মাহাবুব-ই-খোদা (খোকা)-এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বেইন কার্যকরী পরিষদ ২০২৫–২০২৬