ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম। পরে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। নির্বাচনের ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি জানান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ।
পরে তিনি নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তবে প্রত্যাশিত প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
আপনার বিজ্ঞাপন এখানে