70°F শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে ‘৮ ফাল্গুন’ পালনের প্রস্তাব এমপি মাসুদ সাঈদীর

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪৩
‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে ‘৮ ফাল্গুন’ পালনের প্রস্তাব এমপি মাসুদ সাঈদীর

‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে ‘৮ ফাল্গুন’ পালনের প্রস্তাব এমপি মাসুদ সাঈদীর

বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

মাসুদ সাঈদী বলেন, ভাষার জন্য আত্মত্যাগের ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। কিন্তু এখনো দিবসটি ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালন করা হচ্ছে। তাঁর মতে, বাংলা ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য বাংলা পঞ্জিকার তারিখ অনুসরণ করা উচিত। বর্তমান সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গঠিত হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশের চেতনাকে সর্বস্তরে ধারণ করা। কেবল আনুষ্ঠানিকতার মধ্যে দিবসটি সীমাবদ্ধ না রেখে এর চেতনা বাস্তবে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।