63°F শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথ, রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩১
১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথ, রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর

১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথ, রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি রয়েছে।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি–তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সম্ভাব্য সময়সূচি

সরকারের উচ্চপদস্থ সূত্রের তথ্য অনুযায়ী—

  • ১৫–১৬ ফেব্রুয়ারি: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ
  • ১৭–১৮ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শপথ ও নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার আগেই নির্বাচিত সরকারের কাছে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হবে। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের বেশি সময়ের দায়িত্বকাল শেষ হবে এবং দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করবে।

সাধারণত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদ্যমান সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সংসদ বিলুপ্ত ঘোষণা হওয়ায় স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ বর্তমানে শূন্য।

সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী এ ক্ষেত্রে দুটি ব্যবস্থা রয়েছে-
১. রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি, শপথ পাঠ করাতে পারেন।
২. নির্ধারিত তিন দিনের মধ্যে তা সম্ভব না হলে, প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষ হয়। পরে গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সদস্যদের গেজেট এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।